আজ ২৫ ডিসেম্বর, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। উৎসবের এই দিনে দেশের আবহাওয়ায় থাকছে শীতের স্নিগ্ধ আমেজ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বছর বড়দিনটি শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার মধ্য দিয়েই কাটবে। উৎসবের দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
পূর্বাভাসে বলা হয়েছে, বড়দিনে সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ওঠানামা করতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে দিনের তুলনায় রাতের শীত বেশি অনুভূত হবে।
বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দক্ষিণাঞ্চলের তুলনায় কিছুটা বেশি থাকবে। পাশাপাশি দেশের অনেক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালবেলায় নদী অববাহিকাসহ উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে।
সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিছু কিছু এলাকায় কুয়াশা কেটে গেলেও সকালের দিকে ঠান্ডার অনুভূতি থাকবে বেশি। দুপুরের দিকে দেশের অনেক স্থানে আকাশ পরিষ্কার থাকলেও উত্তর, মধ্য ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় কুয়াশার প্রভাব বজায় থাকতে পারে। তবে উৎসব উপলক্ষে বাইরে ঘোরাঘুরি ও পারিবারিক আড্ডার জন্য দুপুরের সময় তুলনামূলকভাবে অনুকূল থাকবে।
রাত নামার সঙ্গে সঙ্গে, বিশেষ করে সূর্যাস্তের পর তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। যারা রাতে গিরজা বা খোলা জায়গায় বড়দিনের অনুষ্ঠান ও প্রার্থনায় অংশ নেবেন, তাদের জন্য পর্যাপ্ত গরম পোশাক পরিধান করা জরুরি বলে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
স্বাস্থ্যসম্মত ও আনন্দময় উৎসব উদযাপনের জন্য সবাইকে শীতকালীন পোশাক ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।

