বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ভোর ৬টার দিকে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ করে খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তারেক রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। তবে জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি দলীয়ভাবে পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার মৃত্যুতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

