কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভে তীব্র যানজট
আট দফা দাবিতে গাজীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরের সালনা বাজার এলাকায় এই অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দীর্ঘ যানজটে আটকে পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের যাত্রীরাও।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি আট দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা সড়ক অবরোধের পাশাপাশি সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা বাধ্য হয়ে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। এরপর আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, আশ্বাস বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

